স্পোর্টস ডেস্ক | ক্রাইম ক্রনিকল


আর এক সপ্তাহ পরই ৩৯ বছরে পা দেবেন লিওনেল মেসি। এই বয়সে অনেক ফুটবলারের ক্যারিয়ারই স্মৃতির পাতায় জায়গা নেয়। কিন্তু মেসি যেন এখনও নতুন করে ইতিহাস লেখার জন্যই খেলছেন। ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। তার জাদুকরী পারফরম্যান্সে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে আর্জেন্টিনা।


কানসাস সিটির স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ‘জে’-এর ম্যাচে শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন মেসি। ১৭, ৬০ ও ৭৬ মিনিটে গোল করে পূর্ণ করেন নিজের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক। বিশ্বকাপে এটি ছিল তার ২৭তম ম্যাচ, আর সেই ম্যাচেই আসে বহু প্রতীক্ষিত হ্যাটট্রিকের স্বাদ।




ম্যাচের পঞ্চম মিনিটেই গোল পেয়েছিলেন মেসি। তবে ভিএআরের সহায়তায় সেটি অফসাইডের কারণে বাতিল হয়। পরে অবশ্য সেই আক্ষেপ ভুলিয়ে দেন তিনটি দুর্দান্ত গোলে।


১৭তম মিনিটে রদ্রিগো ডি পলের পাস থেকে বক্সের বাইরে থেকে নেওয়া বাঁ পায়ের শক্তিশালী শটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন তিনি। দ্বিতীয় গোলটি আসে প্রতিপক্ষ গোলরক্ষক লুকা জিদানের ভুল থেকে। ৬০ মিনিটে জিদানের হাতছাড়া বল পেয়ে সহজেই জালে পাঠান মেসি। এরপর ৭৬ মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে নিচু শটে গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক।


এই তিন গোলের সুবাদে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬। এতে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করেছেন তিনি। ক্লোসা এতদিন এককভাবে শীর্ষে থাকলেও এখন তার পাশে জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।


বিশ্বকাপে মেসির গোলযাত্রা শুরু হয়েছিল ২০০৬ সালে। সেই আসরে করেছিলেন ১ গোল। এরপর ২০১৪ সালে ৪, ২০১৮ সালে ১, ২০২২ সালে ৭ এবং ২০২৬ সালের প্রথম ম্যাচেই যোগ করলেন আরও ৩ গোল।


ম্যাচে মাঠে নামার সঙ্গে সঙ্গেই আরেকটি ইতিহাস গড়েন মেসি। ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার রেকর্ড গড়েন তিনি। একই সঙ্গে আর্জেন্টিনার হয়ে ২০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলকও স্পর্শ করেন।


এই ম্যাচে আরও দুটি বিশেষ রেকর্ড নিজের করে নিয়েছেন মেসি। ২০০৬ সালে বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার রেকর্ড গড়েছিলেন তিনি। ঠিক ২০ বছর পর সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে গোল করার রেকর্ডও নিজের নামে লিখিয়ে নিলেন। ফলে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে কম ও সবচেয়ে বেশি বয়সে গোল করা একমাত্র ফুটবলার এখন মেসি।


আর্জেন্টিনার জার্সিতে এদিন তার গোলসংখ্যা পৌঁছেছে ১২০-এ। ম্যাচের ৭৯তম মিনিটে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হলে পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে অভিবাদন জানায় বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই তারকাকে।




ইতিহাস বলছিল, বিশ্বকাপ জয়ের পরের আসরের প্রথম ম্যাচে কখনো জয় দিয়ে শুরু করতে পারেনি আর্জেন্টিনা। মেসির নেতৃত্বে এবার সেই ইতিহাসও বদলে গেল। রেকর্ড, হ্যাটট্রিক আর দাপুটে জয়ে বিশ্বচ্যাম্পিয়নদের নতুন অভিযানের শুরুটা হলো স্বপ্নের মতো।