স্পোর্টস ডেস্ক। ক্রাইম ক্রনিকল


বাংলাদেশ ক্রিকেটের জন্য দারুন সুখবর বয়ে আনল ২০২৬ সালের লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। শ্রীলঙ্কার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এবার একসঙ্গে সুযোগ পেয়েছেন বাংলাদেশের পাঁচ তারকা ক্রিকেটার। ড্রাফট ও সরাসরি চুক্তি মিলিয়ে দল পেয়েছেন মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, লিটন দাস, তাসকিন আহমেদ এবং সাকিব আল হাসান। 


সোমবার অনুষ্ঠিত এলপিএল প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে দলে ভিড়িয়েছে গল গ্যালান্টস। একই ড্রাফটে পেসার হাসান মাহমুদকে বেছে নিয়েছে কলম্বো ক্যাপস। দুজনেই ছিলেন ২০ হাজার ডলারের ক্যাটাগরিতে, যা বাংলাদেশী টাকায় প্রায় ২৫ লাখ টাকা। 




ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে গল গ্যালান্টস দলে নাম লেখান উইকেটকিপার ব্যাটার ও বাংলাদেশ টি টুয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। ফলে একই ফ্র্যাঞ্চাইজিতে দেখা যাবে লিটন-মিরাজ জুটিকে।




অন্যদিকে জাফনা কিংস আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশের দুই অভিজ্ঞ তারকা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে। 




প্রথমবারের মত বিদেশি লিগে সুযোগ পেলেন হাসান মাহমুদের। তার জন্য এটি হতে যাচ্ছে নিজেকে প্রমাণের এক সুবর্ণ সুযোগ। সাম্প্রতিক সময়ে জাতীয় দলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এলপিএলের দরজা খুলেছে তার জন্য।




তবে এবারের এলপিএলের ড্রাফটে নাম দিয়েছিলেন আরো এক ঝাঁক বাংলাদেশী ক্রিকেটার। সৌম্য, সাব্বির, তানজীদ তামিম, শরিফুল, ইমন, জাকের, মুশফিক, শান্ত, হৃদয়, সাইফ হাসানদের ড্রাফট থেকে দলে নেয় নি কোনো দল। অবিশ্বাস্য ফর্মে থাকা গতি তারকা নাহিদ রানাও থেকে গেছেন উপেক্ষিত। তবে তার ক্ষেত্রে এন ও সি পাওয়া নিয়ে ধোঁয়াশা থাকাকেই মূল কারন বলে মনে করছেন কেউ কেউ। 

 

আগামী জুলাই-আগস্টে অনুষ্ঠিতব্য এলপিএলের এবারের আসরে বাংলাদেশের পাঁচ ক্রিকেটারের উপস্থিতি দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠবে। আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি মঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণ করে তারা জাতীয় দলের জন্যও গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাইবেন।