স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল
মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছে দলটির মিডিয়া সেল।
সোমবার (২৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাস নিয়মিত পায়ের থেরাপি গ্রহণ করছেন। একই সঙ্গে তিনি হাঁটাচলা ও হালকা শারীরিক ব্যায়ামও চালিয়ে যাচ্ছেন।
তিনি জানান, সোমবার সকালে থেরাপি শেষে মির্জা আব্বাস স্ত্রীকে সঙ্গে নিয়ে একটি উন্মুক্ত স্থানে হাঁটাহাঁটি ও হালকা ব্যায়াম করেন।
বর্তমানে তিনি মালয়েশিয়ার পুসাত রিহ্যাবিলিটাসি নিউরো-রোবোটিক্স অ্যান্ড সাইবারনিক্স কেবাংসান পারকেসো সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। দলীয় সূত্রের ভাষ্য, নিয়মিত থেরাপির কারণে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হলে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে এক মাস চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে পুনর্বাসনমূলক চিকিৎসার জন্য মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়।
পরিবারের পক্ষ থেকে তার দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।