নিজস্ব প্রতিবেদক | ক্রাইম ক্রনিকল


দফায় দফায় বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় জনমনে অসন্তোষ বাড়ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ওপর চাপ আরও তীব্র হয়েছে।


এ পরিস্থিতিতে জনগণের দুর্ভোগের বিষয়টি সামনে এনে দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ঢাকা মহানগরী শাখা।


বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বাইতুল মোকাররমের উত্তর গেইট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান।


সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব সরাসরি সাধারণ মানুষের জীবনে পড়ছে। পরিবহন ব্যয়, কৃষি উৎপাদন খরচ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় মানুষের জীবনযাত্রা দিন দিন কঠিন হয়ে উঠছে। তারা দাবি করেন, মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত জনবিরোধী ও গণবিরোধী।

তীব্র তাপদাহ উপেক্ষা করে কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, সাধারণ জনগণ বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। জনগণের পক্ষে দাঁড়িয়েই তারা এই প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।


সমাবেশ থেকে অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানির বর্ধিত মূল্য প্রত্যাহার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের দাবি উপেক্ষা করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।