নিজস্ব প্রতিবেদক | ক্রাইম ক্রনিকল


বাগেরহাটে খান জাহান আলী মাজার সংলগ্ন ঐতিহাসিক দীঘিতে কুমিরের হামলায় ফাতেমা (৮) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। সোমবার রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা গেছে, মানসিক প্রতিবন্ধী মায়ের সঙ্গে মাজার প্রাঙ্গণেই বসবাস করত ফাতেমা। রাতে দীঘিতে গোসল করতে নামলে একটি কুমির তাকে কামড়ে পানির নিচে টেনে নিয়ে যায়। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। তবে রাত ১০টা পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, মাজারের দীঘিতে থাকা কুমিরের হামলার ঘটনা নতুন নয়। প্রায় এক দশক আগে মরিয়ম নামে এক নারী এবং তিন বছর আগে এক কিশোর একইভাবে কুমিরের আক্রমণের শিকার হন। চলতি বছরের এপ্রিল মাসে একটি কুকুরকেও দীঘির ঘাট থেকে টেনে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।


এলাকাবাসীর অভিযোগ, ঐতিহাসিক ও পর্যটনকেন্দ্র হিসেবে স্থানটির ভাবমূর্তি রক্ষার স্বার্থে অতীতের অনেক ঘটনা গুরুত্ব পায়নি। তবে বারবার এমন দুর্ঘটনা ঘটলেও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। ভবিষ্যতে প্রাণহানি এড়াতে দীঘির চারপাশে নিরাপত্তা জোরদার এবং দর্শনার্থীদের জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।