স্পোর্টস ডেস্ক । ক্রাইম ক্রনিকল 


বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রেফারিং বিতর্ক নিয়ে মুখ খুলেছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম। ম্যাচ পরিচালনায় আর্জেন্টাইন রেফারি প্যানেল নিয়োগ নিয়ে আলোচনা-সমালোচনা চললেও তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তার দলের মনোযোগ শুধুই প্রতিপক্ষ মরক্কোকে ঘিরে।


ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে দেশম বলেন, “আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়। রেফারির দায়িত্ব হলো খেলার আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা। আমরা রেফারিং নিয়ে ভাবছি না, নিজেদের খেলায় মনোযোগ দিচ্ছি।”


সম্প্রতি কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে আর্জেন্টাইন রেফারি প্যানেল নিয়োগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়। তবে এ বিতর্ককে গুরুত্ব দিতে রাজি নন ফরাসি কোচ। তার ভাষায়, “যা আমাদের নিয়ন্ত্রণে নেই, তা নিয়ে সময় নষ্ট করার কোনো মানে নেই। রেফারিদের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে।”


চলতি বিশ্বকাপে রেফারিং ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) নিয়ে বিতর্ক নতুন নয়। বিশেষ করে আর্জেন্টিনা ও মিশরের ম্যাচের পর বিষয়টি আরও আলোচনায় আসে। সেই প্রেক্ষাপটে সংবাদ সম্মেলনে একাধিকবার রেফারিং নিয়ে প্রশ্নের মুখে পড়লেও শান্তভাবেই জবাব দেন দেশম।


মরক্কোকে নিয়ে ফ্রান্সের কোচের মূল্যায়নও ছিল সতর্ক। তিনি বলেন, “মরক্কো একটি শক্তিশালী ও সংগঠিত দল। তারা ইতোমধ্যে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। তাদের বিপক্ষে জিততে হলে আমাদের সেরাটা খেলতে হবে।”


রাউন্ড অব সিক্সটিনে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স। অন্যদিকে কানাডাকে বড় ব্যবধানে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে মরক্কো। তাই দুই দলের লড়াইয়ে কঠিন প্রতিদ্বন্দ্বিতার আভাস দেখছেন দেশম।


তিনি মনে করেন, শুধু সুযোগ তৈরি করলেই হবে না, সেগুলো কাজে লাগানোর দক্ষতাও দেখাতে হবে তার দলকে। “আক্রমণভাগে আরও কার্যকর হতে হবে। সুযোগ সৃষ্টি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সেই সুযোগ থেকে গোল আদায় করাও বড় চ্যালেঞ্জ,” বলেন তিনি।


২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোকে হারিয়েই ফাইনালে উঠেছিল ফ্রান্স। তবে সেই ম্যাচকে ‘প্রতিশোধের লড়াই’ হিসেবে দেখতে নারাজ দেশম। তিনি বলেন, “ফুটবলে প্রতিশোধ বলে কিছু নেই। ম্যাচের দিন যে দল ভালো খেলবে, জয় তারই হবে।”


১৯৯৮ সালে খেলোয়াড় হিসেবে এবং ২০১৮ সালে কোচ হিসেবে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো দেশম আগেই জানিয়েছেন, চলতি বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়তে পারেন। তবে নিজের ভবিষ্যৎ নিয়ে এখন ভাবছেন না তিনি।


“এই মুহূর্তে আমার সব মনোযোগ মরক্কো ম্যাচে। আমি ভবিষ্যৎ নিয়ে ভাবছি না,” বলেন ফ্রান্সের সফল এই কোচ।