বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাইম হাসানের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার পর দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
শুক্রবার সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ জুন রাত একটার দিকে ঢাকা থেকে নিজ বাসায় ফেরার পথে খুলশী থানাধীন লালখান বাজার এলাকায় খুলশী থানার রাত্রীকালীন মোবাইল-৩৩ টিমের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হন জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসান।
ঘটনার প্রাথমিক তদন্তে দায়িত্ব পালনের ক্ষেত্রে অপেশাদার আচরণের অভিযোগ পাওয়ায় সংশ্লিষ্ট দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। খুলশী থানার এএসআই (নিরস্ত্র) মো. শফিকুল ইসলাম ভূঁইয়া এবং কনস্টেবল মো. রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সিএমপি জানিয়েছে, তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলার কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত আছে বলেও জানানো হয়েছে।