স্পোর্টস ডেস্ক | ক্রাইম ক্রনিকল
বিশ্বকাপের মঞ্চে কিলিয়ান এমবাপ্পের গোলের ক্ষুধা যেন থামছেই না। সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে ফ্রান্সকে জয়ের পথে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ইতিহাসের আরেকটি ধাপও পেরিয়ে গেছেন এই ফরাসি তারকা।
২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে দুই গোল করার ফলে এমবাপ্পের বিশ্বকাপ গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪। এর মাধ্যমে তিনি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির ১৩ গোলকে ছাড়িয়ে গেছেন এবং জার্মান কিংবদন্তি গার্ড মুলারের ১৪ গোলের রেকর্ড স্পর্শ করেছেন।

বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন এমবাপ্পের সামনে আছেন মাত্র দুজন—ব্রাজিলের রোনালদো নাজারিও (১৫) এবং জার্মানির মিরোস্লাভ ক্লোসা (১৬)। অর্থাৎ রোনালদোকে স্পর্শ করতে তাঁর প্রয়োজন আর একটি গোল, আর ক্লোসার রেকর্ডে পৌঁছাতে প্রয়োজন দুটি গোল।
এমবাপ্পের এই অর্জনকে আরও বিশেষ করে তুলেছে তাঁর বয়স ও ম্যাচসংখ্যা। ২০১৮ বিশ্বকাপে চার গোল, ২০২২ বিশ্বকাপে আট গোল এবং ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে দুই গোল—সব মিলিয়ে মাত্র তিনটি বিশ্বকাপ খেলেই ১৪ গোল করে ফেলেছেন তিনি। অন্যদিকে ক্লোসা তাঁর ১৬ গোল করতে খেলেছিলেন চারটি বিশ্বকাপ।
ফুটবল ইতিহাসের অন্যতম কঠিন রেকর্ডগুলোর একটি ধরা হয় ক্লোসার ১৬ গোলকে। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে রোনালদোর ১৫ গোলের রেকর্ড ভেঙে শীর্ষে উঠেছিলেন জার্মান এই স্ট্রাইকার। দীর্ঘ এক যুগ পর সেই রেকর্ড এখন সবচেয়ে বড় হুমকির মুখে এমবাপ্পের পায়ে।
বর্তমান ফর্ম, ফ্রান্সের শক্তিশালী দল এবং বিশ্বকাপের সম্প্রসারিত ফরম্যাট বিবেচনায় নিলে এবারের আসরেই ক্লোসাকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মাত্র ২৭ বছর বয়সী এমবাপ্পের সামনে রয়েছে আরও কয়েকটি বিশ্বকাপ খেলার সুযোগও। ফলে শুধু রেকর্ড ভাঙাই নয়, ভবিষ্যতে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসন দীর্ঘ সময়ের জন্য নিজের করে নেওয়ার পথেও এগিয়ে যাচ্ছেন তিনি।

বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকা:
১. মিরোস্লাভ ক্লোসা (জার্মানি) — ১৬ গোল
২. রোনালদো নাজারিও (ব্রাজিল) — ১৫ গোল
৩. গার্ড মুলার (জার্মানি) — ১৪ গোল
৩. কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স) — ১৪ গোল
৫. জাস্ট ফন্তেইন (ফ্রান্স) — ১৩ গোল
৫. লিওনেল মেসি (আর্জেন্টিনা) — ১৩ গোল।