স্টাফ রিপোর্টার |ক্রাইম ক্রনিকল
যুক্তরাষ্ট্রের সিয়াটলে বিশ্বকাপের ‘জি’ গ্রুপে বেলজিয়ামের বিপক্ষে দুর্দান্ত এক ম্যাচ খেলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি মিসর। দীর্ঘ সময় এগিয়ে থাকার পর ডিফেন্ডার মোহাম্মদ হানির আত্মঘাতী গোলে ১–১ সমতায় শেষ হয়েছে ম্যাচটি।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মিসর। ম্যাচের ১৯ মিনিটে মোহাম্মদ সালাহর নিখুঁত পাস থেকে দূরপাল্লার শটে গোল করে দলকে এগিয়ে দেন ইমান আশুর। আন্তর্জাতিক ফুটবলে এটিই ছিল তার প্রথম গোল।
এক গোলের লিড নিয়ে বিরতিতে যাওয়া মিসর দ্বিতীয়ার্ধেও বেলজিয়ামকে কঠিন পরীক্ষায় ফেলে। তবে ৬৬ মিনিটে আসে ম্যাচের টার্নিং পয়েন্ট। রোমেলু লুকাকুকে আটকাতে গিয়ে ভুলবশত নিজেদের জালেই বল জড়িয়ে ফেলেন মোহাম্মদ হানি। আত্মঘাতী সেই গোলেই সমতায় ফেরে বেলজিয়াম।
বাকি সময়ে দুই দলই গোলের চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি। ফলে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ থেকে এক পয়েন্ট করে ভাগাভাগি করে নেয় বেলজিয়াম ও মিসর।
দুর্দান্ত পারফরম্যান্সের পরও একটি ভুলের কারণে পূর্ণ তিন পয়েন্ট না পাওয়ার আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে মোহাম্মদ সালাহদের।