স্পোর্টস ডেস্ক। ক্রাইম ক্রনিকল 


ফুটবল ম্যাচকে কেন্দ্র করে হবিগঞ্জের সদর উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


বুধবার (৩ জুন) সকালে সদর উপজেলার লোকড়া ইউনিয়নের কাশীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে কাশীপুর গ্রামে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় আর্জেন্টিনার সমর্থক দল ২-০ গোলে ব্রাজিল সমর্থকদের পরাজিত করে। ম্যাচ শেষে জয়-পরাজয় নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়। পরে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন।


তবে বিরোধের রেশ কাটেনি। বুধবার সকালে আবারও খেলার ফলাফল ও বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।




প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে নারী-পুরুষ ও শিশুসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি রাখা হয়েছে।


এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংঘর্ষের ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।